রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৭:১১
রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে সোমবার বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কর্মচারীদের সরিয়ে দেন। এরপর দুপুর ১২টার দিকে একদল সমর্থকের পাহারায় চেয়ারম্যান তার কার্যালয় ত্যাগ করেন। এ কারণে চেয়ারম্যান প্রফেসর মো. আবুল হায়াত এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে। 
জানা যায়, বোর্ডের ৩৬ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আদালতে মামলা করে পক্ষে রায় পেয়েছেন। ওই রায়ে বলা হয়েছে, পদ শূন্য থাকা সাপেক্ষে শিক্ষাবোর্ডের স্থায়ী কর্মচারী হিসেবে তাদের নিয়োগ দিতে হবে। কিন্তু শিক্ষাবোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো. আবুল হায়াত এখনই অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ অস্থায়ী কর্মচারীরা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানকে তার কার্যালয় ঘেরাও করে আদালতের নির্দেশনা মোতাবেক শূন্যপদে তাদের নিয়োগের দাবি জানান। কিন্তু আদালতের রায়ের পরও চেয়ারম্যান ‘নিয়মতান্ত্রিক’ প্রক্রিয়ার কথা বলায় কর্মচারীরা ক্ষুব্ধ হন। 
কর্মচারীরা জানান, ‘আমরা আদালতের রায় পেয়েছি। স্থায়ী পদ শূন্যও রয়েছে; অথচ বর্তমান চেয়ারম্যান আদালতের রায় মানছেন না।’ তবে চেয়ারম্যান দাবি করেন, ‘কর্মচারীরা একতরফা রায় পেয়েছেন। এই মামলায় বোর্ডের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এ জন্য আমি ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাই। আপিলের রায় কর্মচারীদের পক্ষে গেলে সেটি আইনসিদ্ধ হবে। আমি নিয়মের বাইরে কিছু করব না।’