'জেনুইন সফটওয়্যার' ব্যবহারকে উৎসাহিত করতে মাইক্রোসফট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) এর মধ্যে একটি সমঝোতার চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিসিএস ও মাইক্রোসফট সরকারের প্রধান স্টেকহোল্ডারদেরকে সাথে নিয়ে একটি 'গভর্নমেন্ট সফটওয়্যার লিগালাইজেশন প্ল্যান' তৈরিতে যৌথভাবে কাজ করবে।
বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সর্বত্র প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে বিসিএস মাইক্রোসফটকে সহযোগিতা করবে। এছাড়াও চুক্তি অনুযায়ী 'এন্টি পাইরেসি' উৎসাহিতকরণ, 'ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট্স ল' ও সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, কপিরাইট অফিস, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ টেলিকম অথরিটির মত প্রধান স্টেকহোল্ডারদেরকে একসাথে সহযোগিতা করবে বিসিএস ও মাইক্রোসফট। সরকারি ও কর্পোরেট কর্মক্ষেত্রে নারী নেতৃত্ব ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রধান সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করতে মাইক্রোসফটকে সহযোগিতা করবে বিসিএস।
মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির এবং বিসিএস-এর প্রেসিডেন্ট এ.এইচ.এম. মাহফুজুল আরিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এন্টি-পাইরেসি ম্যানেজার শারমিন চৌধুরী ও বিসিএস-এর সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম।
সোনিয়া বশির কবির বলেন, 'বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাস করে মাইক্রোসফট। বাংলাদেশের ১৬০ মিলিয়ন মানুষ এদেশের শক্তি। বাংলাদেশ সবসময়ই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে এবং এখানে গতি আসলে আমরা পাওয়ারহাউসে পরিণত হব। বাংলাদেশের মানুষকে এখন শুধু জেনুইন ও পাইরেটেড সফটওয়্যারের পার্থক্য বুঝলেই হবে না, এগুলো ব্যবহারের ফলাফলও বুঝতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে হবে।'
বিসিএস-এর সাথে চুক্তি স্বাক্ষরকে খুবই ইতিবাচক হিসেবে বর্ণনা দিয়ে তিনি তাদের স্লোগানের কথা বলেন, 'বি জেনুইন, বাই জেনুইন'। বিসিএস-এর সাধে পার্টনারশিপ করায় মাইক্রোসফটকে ধন্যবাদ দিয়ে এ.এইচ.এম. মাহফুজুল আরিফ বলেন, 'বাংলাদেশে আইটি ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে বিসিএস। আমরা জেনুইন সফটওয়্যার ক্রয় ও ব্যবহারে মাইক্রোসফটের এই উদ্যোগকে সহযোগিতা করবো।' তিনি আরো বলেন, 'মাইক্রোসফটের মতো একটি ব্র্যান্ডের সাথে কাজ করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা বিশ্বাস করি, এ পার্টনারশিপের ফলে বাংলাদেশে মাইক্রোসফটের সাফল্য নিশ্চিত হবে।'
