পুলিশের কড়া নজরদারির মধ্যেও অস্ট্রেলিয়াজুড়ে ইসলামবিরোধী মিছিল ও সমাবেশ করেছে কয়েকশ' বিক্ষোভকারী। গত শনিবার 'রিক্লেইম অস্ট্রেলিয়া' নামে এক সংগঠন ইসলাম বিরোধী বিক্ষোভের ডাক দেয়। তবে একে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে মেলবোর্নে পাল্টা বিক্ষোভ করে সংগঠনটির বিরোধীরা। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
মেলবোর্নে একই যায়গায় দুই পক্ষই সমাবেশের ঘোষণা দেয়ার পর সমাবেশস্থলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। তারা যাতে সহিংসতায় জড়াতে না পারে, সেজন্য দুই পক্ষকে আলাদা করে রাখে পুলিশ। কিন্তু এর মধ্যেও দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ। এছাড়াও সিডনির বাণিজ্যিক এলাকা মার্টিন প্লেসে বৃষ্টি উপেক্ষা করে কয়েক শ' মানুষ বিক্ষোভ দেখান।
রিক্লেইম অস্ট্রেলিয়ার মুখপাত্র ক্যাথরিন ব্রেনান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমরা দেশের মূল্যবোধকে মানি, তবে ইসলামের চরমপন্থাবিরোধী। আমরা মুসলিমবিরোধী নই। তিনি আরো বলেন, এই বিক্ষোভের পেছনে বর্ণবাদী কোন দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমরা শুধু বিভিন্ন প্রথা, সংস্কৃতি থেকে আসা মানুষগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য এটা করেছি।
