ভারতে পুলিশের গুলিতে ২০ চন্দন কাঠ পাচারকারী নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৮:০৬
 
ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপতির কাছে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ জন চন্দন কাঠ পাচারকারী নিহত হয়েছে। পুলিশের ওপর চন্দন কাঠ পাচারকারীদের হামলার জবাবে পুলিশ গুলি চালালে এই ২০ জন নিহত হন বলে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
চন্দ্রগিরি মন্ডলের তিরুপতি পাহাড়ে বেশ কিছুদিন ধরেই কাঠ পাচারকারীরা বেআইনি ভাবে লাল চন্দন গাছ কেটে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করছিল। চোরাকারবারিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব করে আসছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে প্রায় ১শ’ জন চোরাকারবারি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পুলিশের বিশেষ বাহিনীর ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পাথর আর কুঠার নিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। জবাবে পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় কমপক্ষে ২০ জন চন্দন কাঠ পাচারকারী নিহত হয়।
অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নিম্মাকায়ালা চিনারাজাপ্পা বলেন, ‘পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় কমপক্ষে ২০ জন পাচারকারী নিহত হয়েছে। বাকি পাচারকারীদের খুঁজতে ওই অঞ্চলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।’
গত ১০ বছর ধরে অন্ধ্র প্রদেশে চন্দন কাঠ বেআইনিভাবে পাচার করে আসছে একটি চক্র। এর আগে পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বন কর্মকর্তা।
গত বছর অন্ধ্র প্রদেশে টিডিপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই চন্দন কাঠ পাচারকারীদের নির্মূলের প্রতিশ্রুতি দেন। এই চোরাকারবারি থামাতে পুলিশের বিশেষ বাহিনী গঠনেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি