ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হকের পক্ষে ‘কেমন ঢাকা চাই’ শিরোনামে এক কিলোমিটার ক্যানভাসে জনগণের মতামত গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় সংসদের দক্ষিণে মানিক মিয়া এভিনিউতে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা নাগরিক সমাজের আয়োজনে সাধারণ মানুষ খোলা চিঠিতে আনিসুল হককে এ মতামত জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, সংসদ সদস্য তারানা হালিম, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আনিসুল হক ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রুবানা হক, গোলাম কুদ্দুস প্রমুখ।
আনিসুল হক বলেন, এই চিঠিগুলো আমি পড়ে দেখবো। নতুন প্রজন্মের প্রত্যাশার কথা জানবো। এদের অভিযোগের কথা এবং পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। আমি দাঁড়িয়েছি আপনাদের হয়ে, আপনাদের জন্য।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, সবুজ ঢাকা চাই, সোনার বাংলা চাই। এটা গড়তে উত্তরে আনিসুল হকের পক্ষে ভোট চাই।
গোলাম কুদ্দুস বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, পেট্রোল বোমাবাজদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের প্রার্থীর পক্ষে আমাদের অবস্থান। যে দলটির হাত ধরে স্বাধীনতা এসেছে, সে দল যে প্রার্থীকে সমর্থন দিয়েছে আমরা তার জন্য কাজ করব।
