উচ্চতায় যারা খাটো তাদের হূদরোগের ঝুঁকি বেশি। গত বুধবার প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রথম জিনগত কারণে হূদরোগের ঝুঁকি যে কম-বেশি হয় তার তথ্য জানা গেল।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। বিশ্বে প্রতি ছয়জনে একজন পুরুষ এবং দশজনে একজন নারী হূদরোগে মারা যান। সমীক্ষায় দেখা যায়, জিনগত ভিন্নতার কারণেই মূলত মানুষ লম্বা এবং খাটো হয়। আবার এর ভিত্তিতেই হূদরোগের ঝুঁকি বাড়ে-কমে। এর সঙ্গে দারিদ্র্য কিংবা পুষ্টিহীনতার কোনো সম্পর্ক নেই। গবেষণায় দেখা গেছে, প্রতি আড়াই ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে হূদরোগের ঝুঁকি ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ৫ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মানুষের চেয়ে ৫ ফুট উচ্চতার মানুষের হূদরোগের ঝুঁকি ৩২ শতাংশ বেশি। গবেষণায় বলা হয়, যার উচ্চতা যতো বেশি তার হূদরোগের ঝুঁকিও ততো বেশি। - নিউইয়র্ক ডেইলি নিউজ
