ইয়েমেন থেকে ফিরলেন ১১ বাংলাদেশি

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ০০:৪১
ইয়েমেনে আটকাপড়া ১১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল শুক্রবার জিবুতি থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ইয়েমেনে আটকে পড়া আরো ২৭২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নিয়ে গেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। এদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচ শিশু রয়েছে বলে জানা গেছে।
সকালে ভারতীয় হাইকমিশনের এক টুইটে বলা হয়, ইয়েমেনের আল হুদায়বা বন্দর থেকে আইএনএস সুমিত্র নামে নৌবাহিনীর একটি জাহাজ সব মিলিয়ে ২৭২ জন বাংলাদেশিকে সরিয়ে এনেছে। তারা জিবুতিতে অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ইয়েমেন থেকে ৩০৪ জনকে উদ্ধার করে জিবুতিতে আনা হয়েছে। এর মধ্যে ভারতের নৌবাহিনীর জাহাজ ২৭২ জনকে উদ্ধার করেছে। বাকিদের এয়ার ইন্ডিয়ার মাধ্যমে সানা থেকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জিবুতিতে অবস্থানরত এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসাবে গতকাল ১১ জন দেশে ফিরেছেন। পর্যায়ক্রমে বাকিদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইয়েমেনে বর্তমানে তিন হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত ৫৫৩ জন দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর  সেখানে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে।