জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার সম্মানী দেয়া শুরু

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৩:৪৪

 

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সম্মানী দেয়ার ব্যবস্থা শুরু হয়েছে। সারাদেশে কলেজগুলোর হাজার হাজার শিক্ষককে চেকের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার পারিতোষিক প্রদানের বদলে শিক্ষক-পরীক্ষকদের তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে দ্রুত পরীক্ষার পারিতোষিক প্রদানে এ ব্যবস্থা নেয়া হয়। এ লক্ষ্যে সোনালী ব্যাংকের ‘সোনালী সেবার’ মাধ্যমে অনলাইনে ওই পারিতোষিক প্রদানের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে।

জাতীয় বিশ্ববিদ্যায়ের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষার পারিতোষিক সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে ২শ’ ৩০ জন শিক্ষকের মধ্যে প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উল্লেখ্য, শিক্ষক-পরীক্ষকদের পারিতোষিকের জন্য পূর্বের মত এখন থেকে আর গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না অথবা চেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করতে হবে না। এই ব্যবস্থায় তাদের একাউন্টে সম্মানীর টাকা তত্ক্ষণাত্ জমা হবে এবং এসএমএসের মাধ্যমে তারা সাথে সাথে জানতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তি নির্ভর একটি গতিশীল পরিচালন ব্যবস্থাপনে উন্নীত করার জন্য বর্তমান প্রশাসন যেসব ব্যবস্থা নিয়েছে—অনলাইনে পরীক্ষার পারিতোষিক প্রদান তার মধ্যে অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, পরিচালক, অর্থ ও হিসাব, পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর এবং শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি