সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে ১৫ জন মারা গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে শুষ্ক ঘাস থেকে এই দাবানলের উৎপত্তি। দাবানলের কারণে ওই এলাকার কয়েক’শ বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। রবিবার রুশ কর্মকর্তারা একথা জানান।
এ ঘটনায় ৬২ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের প্রায় ৫শ ৬০ জনকে সেখান থেকে সরিয়ে অবকাশকালীন ক্যাম্প বা অস্থায়ী আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৮টি বিমান ও হেলিকপ্টার, ৫টি পেট্রন এবং ৫ হাজারের বেশি লোককে নিয়োগ করা হয়েছে। তবে প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাতে বেগ পেতে হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, দাবানলে ৩০টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
বসন্ত ও শরৎকালে এই অঞ্চলে শুষ্ক ঘাস থেকে প্রায়ই বড় ধরনের দাবানলের সৃষ্টি হয়।
