সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই পদতাগপত্র জমা দেয়া হয়।
পদত্যাগকারী বিভাগীয় প্রধানরা হলেন— বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে।
এদিকে বিভাগীয় প্রধান পদত্যাগ করার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরোধ করে রাখে এই দুই বিভাগের শিক্ষার্থীরা। বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক এমদাদুল হক বিষয়টি সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীদের অবরোধ তুলে ভবনের তালা খুলে দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথায় কোন কর্ণপাত না করে ভবনে তালা দিয়ে গেট বন্ধ করে দেয়।
তবে ক্যাম্পাসের একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কক্ষ বরাদ্দ নিয়ে সিভিল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলমের সাথে মনমালিন্যের জের ধরে এই বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ জানতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, কিছু আচরণে কষ্ট পেয়েছি। তাই পদত্যাগ করেছি। কি কষ্ট পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরীণ ব্যাপার। তাই এর চেয়ে বেশী কিছু বলতে চাই না। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এটা অভ্যন্তরীণ বিষয়। আমি কোনো মন্তব্য করতে চাই না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ইত্তেফাক’কে বলেন, ব্যক্তিগত কারণে এই দুই শিক্ষক বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।
