মিসরের সিনাই উপদ্বীপে দুইটি পৃথক বোমা হামলায় ছয় সেনাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি। মিসরীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হতাহতের এ খবর জানানো হয়েছে।
রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ছয় সেনা নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর সিনাইয়ে আবারও বোমা হামলার ঘটনা ঘটে। শেষ হামলাটি চালানো হয় উত্তর সিনাইয়ে। এটি ছিল আত্মঘাতী হামলা। উত্তর সিনাইয়ের রাজধানী আল আরিশের কাছে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো এই হামলায় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন নিহত হন। এছাড়া এ হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন যার মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকসহ একটি ট্রাক চালিয়ে এসেছিল। এসময় খড় দিয়ে ট্রাকের উপরের অংশ ঢাকা ছিল। পুলিশ স্টেশনের কাছে এসে ট্রাকটির চালক বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ সিনাইয়ের শেখ জুবায়েদ শহরের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ছয় সেনা নিহত হন। সেনাসদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে স্থানীয় জঙ্গিরা ওই বোমা বিস্ফোরণ ঘটায় বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। বিস্ফোরণে নিহত ছয় সেনার মধ্যে দু’জন কর্মকর্তা আর বাকিরা সৈনিক। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো তিনজন। ধারণা করা হচ্ছে, সিনাইয়ে তত্পর ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী আনসার বেইত আল মাকদিস এ হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরেই সিনাইয়ে মিসরীয় সামরিক বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে সংগঠনটি। সূত্র: আল জাজিরা ও বিবিসি
