প্রবাসের প্রায় শতাধিক আঞ্চলিক সংগঠন প্রায় দু সপ্তাহজুড়ে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠানের। সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কের বিভিন্ন সড়কে আয়োজন করা হয় বৈশাখী মেলার। এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাঙালির প্রাণের উত্সব পয়লা বৈশাখ। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও বাঙালিরা এই উত্সবে গা ভাসান। চলে সপ্তাহজুড়ে নানা আয়োজন। প্রবাস জীবনে চিরায়িত বাংলার লোকজ এ উত্সবকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা। পান্তা-ইলিশ ভোজ, বৈশাখী সাজ, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, নৃত্যনাট্য, সংগীতানুষ্ঠান ইত্যাদি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীরা স্বাগত জানাবেন নতুন বছরকে।
এবার নতুন বছর ১৪২২ বরণ করে নিতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। যতই কর্মব্যস্ততা থাকুক না কেন এই দিনটিকে বরণ করে নিতে প্রবাসীরা সপরিবারের মেতে ওঠেন। শুধু নববর্ষের দিনটিতে নয়, এ উত্সব চলে সপ্তাহজুড়ে। হূদয়াবেগ আর উচ্ছ্বাসের বন্যায় এক ভিন্ন রূপ নেয় নিউইয়র্ক। দিনভর ঘোরাঘুরি, হৈ চৈ, বৈশাখী মেলা ও নানা অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ-উল্লাস করেন প্রবাসীরা।
প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করে নিউইয়র্কের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল। সংগঠনের সভাপতি আবীর আলমগীর জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ড্রামা সার্কেলের জমজমাট আয়োজন রয়েছে। পহেলা বৈশাখ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়ার সাউন্ডভিউ মিলনায়তনে শুরু হবে বৈশাখের অনুষ্ঠানমালা। থাকছে পান্তা-ইলিশ ভোজ, বৈশাখী সাজ, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, নৃত্যনাট্য, সংগীতানুষ্ঠান ইত্যাদি। বরাবরের মতো শ্রেষ্ঠ বৈশাখী সাজের জন্য পুরস্কৃত করা হবে দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে। দর্শকদের রঙ-বেরঙের বৈশাখী সাজে বর্ষবরণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন আবীর আলমগীর।
প্রবাসের প্রায় শতাধিক আঞ্চলিক সংগঠন প্রায় দু সপ্তাহজুড়ে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠানের। সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কের বিভিন্ন সড়কে আয়োজন করা হয় বৈশাখী মেলার। এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় উডসাইডের কুইন্স প্যালেসে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উত্সবের আয়োজন করেছে। তাদের অনুষ্ঠানসূচিতে থাকছে পান্তা-ইলিশ, আলোচনা সভা, ফ্যাশন শো, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, ছবি আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ।
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা, বৈশাখী প্যারেড, সাংস্কৃতিক ও পিঠা উত্সবের আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। আগামী ১৯ এপ্রিল জ্যামাইকার অ্যামাজুরা হলে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এসব আয়োজন। অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
বর্ষবরণ উদযাপন কমিটির সদস্য সচিব এ এফ মিসবাহউজ্জামান জানান, তাদের এই আয়োজন নিউইয়র্কের সর্ববৃহত্। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই এবং অতিথিদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হবে। এছাড়াও থাকছে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পোশাকে বাঙালি সাজো, নৃত্য পরিবেশনা, বৈশাখী পদক প্রদান।
প্রবাসের আঞ্চলিক সংগঠন মানিকগঞ্জ সমিতি অব নর্থ আমেরিকা বর্ষবরণ উপলক্ষে ১৮ এপ্রিল শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জ্যামাইকার পারসনস বুলেভার্ডের পিএস-কিউ ৮৬ মিলনায়তনে আনন্দমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানের সমন্বয়কারী আব্দুস সালাম আজম জানিয়েছেন, অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্টিং ও মেহেদি সাজ, জাদু প্রদর্শন, নৃত্য ও গান থাকছে। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
নিউইয়র্কের বাইরে জর্জিয়া রাজ্যের আটলান্টায় বৈশাখী মেলার আয়োজন করেছে আটলান্টা কালচারাল সোসাইটি এবং বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া। আটলান্টা কালচারাল সোসাইটির সভাপতি মহিদুল মওলা দিলু জানান, আগামী ১৯ এপ্রিল লিলবার্নের বার্কমার হাইস্কুলে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বৈশাখ বরণের নানা অনুষ্ঠান। এতে গান গাইবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি এন্ড্রু কিশোর। মেলায় কোনো প্রবেশমূল্য নেই।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেনাসাসে ১৮ এপ্রিল বিসিসিডিআই বাংলা স্কুলের উদ্যোগে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে। এছাড়া ২৫ এপ্রিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্রতিবছরের মতো ম্যাসন ডিস্ট্রিক্ট পার্কে উদযাপন করবে বাংলা নববর্ষ।
