তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ০১:০১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা- ইন্টারপোল। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এই ‘রেড নোটিস’ জারি করা হয়েছে। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান চার্জশিটভুক্ত আসামি। ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি (ওয়ান্টেড পারসন) হিসাবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে সেখানে ‘রেড নোটিস’ জারির তারিখ উল্লে­খ করা হয়নি।

 
ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান ভুঁইয়া বলেছেন, প্রায় চার মাস আগে আমরা ইন্টারপোলে এ নোটিস পাঠিয়েছিলাম। নানাভাবে যাচাইয়ের পর মঙ্গলবার সকালে তারা এটি তাদের ওয়েবসাইটে দিয়েছে। ইন্টারপোলের চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহ করা হয়েছে বলেই তারা নোটিসটি তাদের সাইটে প্রকাশ করেছে।
 
ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান সম্পর্কে দেয়া বিবরণে বলা হয়েছে, তার জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতাসহ শারীরিক বিবরণও আছে। ইন্টারপোলের ওয়েবসাইটে এ পর্যন্ত বাংলাদেশের ৬১ জনের বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়েছে। আর বাংলাদেশের কোন রাজনীতিকের বিরুদ্ধে এটাই প্রথম ইন্টারপোলের রেড নোটিস নয়। এর আগে ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ ও বিএনপি’র বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এ ধরনের রেড নোটিস জারি করা হয়েছিল।
 
তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, ইন্টারপোলকে ব্যবহার করে সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। সরকারের এই উদ্দেশ্য কখনই সফল হবে না।
 
পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিস জারি করে। বাংলাদেশের ইন্টারপোল ডেস্ক থেকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে রেড নোটিস জারির সুপারিশ করতে পারে। সেসব তথ্য নিশ্চিত হওয়ার পরই ইন্টারপোল থেকে রেড নোটিস জারি করা হয়। কি ধরনের তথ্য ইন্টারপোলকে দিতে হয়- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কর্তৃক ফেরারি ঘোষিত হতে হবে। আদালতে দাখিল করা পুলিশ রিপোর্টে সুনির্দিষ্টভাবে বলতে হবে, সংশি­ষ্ট ব্যক্তি দেশের বাইরেই পালিয়ে আছেন।
 
রেড এলার্ট নাটক!
 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে রেড এলার্ট জারি বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপকৌশল। ইন্টারপোলের মাধ্যমে বিএনপিকে চাপে রাখার কোনো সুযোগ নেই। রেড এলার্ট জারির নামে সরকার নাটক করছে। ইন্টারপোল কখনো স্বপ্রণোদিত হয়ে রেড এলার্ট জারি করে না। সংশ্লিষ্ট দেশের দেয়া তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করে, যার কোনো কার্যকারিতা নেই। সরকার অতি উত্সাহী হয়ে এরকম প্রচারণা চালিয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।