আগামী ১৯ মে কানাডায় পদ্মাসেতু দুর্নীতির মামলা আবার শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৩:৫৭
আগামী ১৯ মে কানাডার আদালতে বহুল আলোচিত পদ্মাসেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্র মামলার বিচার প্রক্রিয়া আবারো শুরু হতে যাচ্ছে। অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস ধীর গতিতে চলা এই শুনানির দিন ধার্য করে।
 
উল্লেখ্য, ২০১৩ সালের গত ৮ এপ্রিল এই শুনানিটি টরন্টোর ওল্ড সিটি হলের ১২৫ নং রুমে একটি ফেডারেল প্লিয়া কোর্টে শুরু হয়েছিল। বিচারক এম ম্যাকলয়েডের আদালতে আরসিএমপির মূখ্য তদন্ত কর্মকর্তা ইলেন ম্যাসিনাভো ৪৮১১ ৯৯৮ ১২ ১২০০১৩৬৬ নম্বর মামলায় কানাডার নাগরিক কেভিন ওয়ালেস, ভারতীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান রমেশ শাহ, বাংলাদেশ বংশোদ্ভূত ক্যানাডিয়ান মোহাম্মদ ইসমাইল এবং জুলফিকার আলী ভূঁইয়াকে  বিরুদ্ধে মামলার প্রাক-বিচার শুনানি শুরু হয়। পরে এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনে অন্টারিও সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস। পরে  আইনি জটিলতার জন্য জনাব চৌধুরীকে মামলার কার্যক্রম থেকে আপাতত বাদ দেন। কারণ, প্রথমতঃ কোনো বিদেশিকে কানাডা তাদের বিচারের আওতায় আনার বিধান বা কর্তৃত্ব নেই। দ্বিতীয়তঃ কানাডার সাথে বাংলাদেশের আসামি বিনিময় চুক্তি নেই। তৃতীয়তঃ তিনি কানাডায় উপস্থিত নেই বা গ্রেফতারকৃত কিংবা জামিনেও নেই। 
 
দুই বছর আগে এই মামলা শুরু হবার সময় বিচারক এম ম্যাকলয়েড ইত্তেফাকের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, পদ্মাসেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।