মেয়র হলে কর্পোরেশন থেকে কোন আর্থিক সুবিধা নেব না

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ০১:৩০
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ‘মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কোনো প্রকার আর্থিক সুযোগ-সুবিধা নেব না। কর্পোরেশনকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করবো। এছাড়া ওয়ানস্টপ সার্ভিস চালু করব।’
 
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকালে তিনি নগরীর দেওয়ানহাটস্থ শাহ সুফি আকবর শাহর মাজার জেয়ারত শেষে কদমতলী, ডিসি রোড, পাঠানটুলি,  বউ বাজার, হালিশহর রোড, হাজীপাড়াসহ আরো কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। ভোটাররা এসময় তার কাছে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরলে তিনি মেয়র নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন। 
 
গণসংযোগকালে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি বলেন, ভোটাররা যদি সত্যিকার অর্থে আ.জ.ম নাছির উদ্দীনকে মেয়র বানাতে পারেন, তাহলে জননেত্রী শেখ হাসিনা তার হাত দিয়েই চট্টগ্রামের জনগণের ভাগ্য বদলে দেবেন।
 

গণসংযোগে আরও অংশ নেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক প্রমুখ।