আসছে মে মাসে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১২:১৭

আগামী ৮ মে থেকে সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৫। মঙ্গলবার বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আরও উপস্থিত ছিলেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশীদ, ধানসিঁড়ি কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনকে সকলের কাছে পৌঁছে দিতে ৬৪টি জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম, অঞ্চলের বিজয়ীদের নিয়ে কর্মশালা, জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প প্রভৃতি অনুষ্ঠিত হবে। এ বছর সারাদেশকে ৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা।

 

www.nhspc.org সাইটে রয়েছে এই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য।