চীনের রাজধানী বেইজিংয়ে মাও সে তুংয়ের বিখ্যাত একটি ছবিতে কালি ছেটানোর দায়ে এক ব্যক্তির ১৪ মাসের কারাদণ্ড হয়েছে। তিয়েন আন মেন স্কয়ারে মাও সেতুংয়ে ঐ বিখ্যাত ছবিটি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
চীনের সংবাদমাধ্যম জানাচ্ছে, গত বছর যখন বেজিংয়ে চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলছিল তখনই ঐ ছবিটিতে কালি ছেটানোর ঘটনাটি ঘটে। সুন বিং নামে এক ব্যক্তি আচমকা ছবিটির ওপর কালি ঢেলে মাওয়ের মুখটি বিকৃত করে দেন বলে চীনা গণমাধ্যমে প্রতিবেদন করা হয়। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি। ঐ ঘটনার বিচার শেষে চীনের একটি আদালত সুন বিংকে চোদ্দ মাসের জেলের সাজা দিয়েছে আর তারপরই তার নামটি প্রকাশ পেয়েছে।
১৯৪৯ সালে চীনে বিপ্লবে নেতৃত্ব দিয়ে মাও যখন সে দেশে কমিউনিস্টদের ক্ষমতায় এনেছিলেন, তখন থেকেই তার প্রকাণ্ড ছবিটি তিয়েন আন মেন স্কয়ারের সামনে টাঙানো আছে।
