নিউইয়র্কে আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত তিন দিনব্যাপী ২৪তম প্রাইম ব্যাংক আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে। বইমেলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
মুক্তধারা ফাউন্ডেশনে জানিয়েছে, বাংলাদেশের একাধিক বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, শিল্পী ইতিমধ্যে মেলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক অনুপম সেন, ড. রওনক জাহান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসলাম সানি, আমিরুল ইসলাম, আহমেদ মাযহার, গোলাম মোর্তজা, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, তাজউদ্দিন কন্যা লেখিকা শারমিন আহমেদ। পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন লেখক ও বিশ্বভারতীর পরিচালক রাম কুমার মুখোপাধ্যায়, কানাডা থেকে লুৎফুর রহমান রিটন, ইকবাল হাসান, নজরুল ইসলাম মিন্টু, রুমানা চৌধুরী ও জসিম মল্লিকসহ কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী ও আবৃত্তিকার এই উৎসবে যোগ দিচ্ছেন। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের একটি সাংস্কৃতিক দল এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে। এ দলটি ইতিমধ্যে জাপান ও ভুটানে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। ঢাকায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের স্ত্রী রাশিদা আহমেদ বন্যারও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বছরের বইমেলায় অংশ নিচ্ছে। এসবের মধ্যে রয়েছে মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, বাংলা প্রকাশ, প্রীতম প্রকাশ, ধ্রুবপদ, সন্দেশ, নালন্দা, ইত্যাদি ও গতিধারা। নিউইয়র্কের বিশ্বসাহিত্য কেন্দ্র, কোয়ান্টাম মেথড, ইসলামিক সেন্টার ও মুক্তধারা নিউইয়র্ক-এর বইয়ের স্টল থাকছে।
