নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর বিনামূল্যে আন্তর্জাতিক কল উন্মুক্ত করে দিয়ে সহায়তার হাত বাড়িয়েছে ভাইবার। এর মাধ্যমে নেপালের লোকজন তাদের স্মার্টফোন ও পিসি থেকে বিনামূল্যে বিদেশে ফোন করতে পারবে।
ভাইবার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে একজন অপরজনের ভাইবার সমর্থিত ফ্রি ম্যাসেজ, ভয়েস কল ও ভিডিও কল করা যায়। তবে 'ভাইবার আউট' নামের একটি ফিচার ব্যবহার করে মোবাইল ও ল্যান্ডলাইনেও ফোন করা যায়। তবে এর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হয় গ্রাহকদেরকে। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জনগণের জন্য ‘ভাইবার আউট’ সেবাটি ফ্রি করে দেয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভাইবার।
IMG0
ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে, ‘নেপালে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে নেপাল থেকে 'ভাইবার আউট' সার্ভিসের বিলিং সিস্টেম বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে নেপালিরা দেশটির যে কোনো যায়গা থেকে বিনা খরচে বিদেশে কল করতে পারেন। আমরা আশা করছি এই কঠিন সময়ে বিষয়টি দেশটির জনগণের জন্য সহায়ক হবে।’
তবে পৃথিবীর অন্যান্য দেশ ভাইবার আউট থেকে নেপালে ফোন করতে নির্ধারিত হারে ফি দেয়া লাগবে। ভাইবার জানিয়েছে বাইরে থেকেও যেন নেপালে বিনামূল্যে ফোন করা যায় সে ব্যাপারে তারা কাজ করছেন।
এর আগে ২০১৩ সালে ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত করার পর দেশটির ব্যবহারকারীদের জন্য ফ্রি কল করার ব্যবস্থা চালু করেছিল ভাইবার। সূত্র: পিটিআই
