সহিংসতার পর দ. আফ্রিকা ছাড়ছেন মালাউইরা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৮:০২
 
দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রবাসীদের ওপর ভয়াবহ হামলা ও সংঘাতের পর শত শত মালাউই নাগরিক দেশটি ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। আল জাজিরার খবরে জানানো হয়েছে ইতিমধ্যে দেড় হাজারের বেশি অভিবাসী মালাউই নাগরিক দেশটি ত্যাগ করেছে। প্রায় তিন সপ্তাহ আগে শুরু হওয়া অভিবাসীদের ওপর আক্রমণে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে।
 
দক্ষিণ আফ্রিকা থেকে গত কয়েক দিনেই ছয় শতাধিক মালাউই নাগরিক দেশটি ছেড়ে নিজ দেশে ফিরেছেন। দেশটির দূতাবাসের তরফে জানানো হয়েছে, তিনটি আশ্রয় ক্যাম্পে অবস্থান নেয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত মালাউই থেকে আসা অভিবাসীরা ৩৩টি বাসে করে নিজ দেশে ফিরেছেন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সহিংসতায় এখন পর্যন্ত ৭ জন মালাউই নাগরিক নিহত হয়েছে। এছাড়াও সাড়ে তিন হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 
দক্ষিণ আফ্রিকায় এই সংঘাতের পর হামলাকারীদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে শত শত মানুষকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রশাসনের তৎপরতায় হামালা বন্ধ হলেও দেশটিতে থাকা অভিবাসীরা জানিয়েছেন, পথে-ঘাটে তাদেরকে এখনো মৌখিকভাবে অপমানিত হতে হচ্ছে। সূত্র: আলজাজিরা