ভূমিকম্পে ১ মিটার পর্যন্ত উঁচু হয়েছে নেপাল

আপডেট : ০১ মে ২০১৫, ১৯:৫৩
 
গত সপ্তাহে নেপালের ৭.৮ মাত্রার ভূমিকম্পে দেশটির বিস্তীর্ণ এলাকার উচ্চতা ১ মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপীয় রেডার স্যাটেলাইট সেনটিনেল-১ এর তোলা ছবিতে এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়েছে। তবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা অপরিবর্তিত রয়েছে।
 
দেশটির রাজধানী কাঠমান্ডুর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে ১২০ বর্গ কিলোমিটার এলাকার এই উচ্চতা বৃদ্ধির ঘটনা ঘটে। ইউরোপীয় ওই স্যাটেলাইটের ছবিটি আপাতভাবে সাধারণের বোধগম্য না হলেও রঙের পরিবর্তন দিয়ে এই উচ্চতার পার্থক্য দেখানো হয়েছে।
 
এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে ভূমিকম্পের পূর্বাভাষ দেয়া সম্ভব না হলেও আগামী বছর সেনটিনেল-১এ এর সঙ্গে যুক্ত হবে সেনটিনেল-১বি। তখন প্রতি ছয় দিনে একবার জানা যাবে সারা পৃথিবীর সব ভূ-প্রাকৃতিক পরিবর্তন। বিজ্ঞনীদের আশা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া উপাত্ত থেকেই হয়ত সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস দেয়া সম্ভব হবে।
 
ইউরোপিয়ান স্পেস এজেন্সির ৬টি প্রস্তাবিত স্যাটেলাইটের মধ্যে সেনটিনেল-১ ভূমি ও সমুদ্রের ওপর সার্বক্ষণিক নজর রাখবে। এর সাহায্যে ভূমিতে আসা পরিবর্তনগুলো তুলনামূলক চিত্রের সাহায্যে বিশ্লেষণ করে ভূমিকম্পের পূর্বাভাস দেয়ার চেষ্টা করা হবে।