‘কাঠমান্ডুকে আগের রূপে আনতে প্রয়োজন ২০০ কোটি ডলার’

আপডেট : ০২ মে ২০১৫, ১৯:৩৩
নেপালের পররাষ্ট্রমন্ত্রী রাম শর্মা মাহাত জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কাঠমান্ডু এখন ধ্বংসস্তূপের নগরী। শহরটিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে অবকাঠামোগত আগের রূপে ফিরিয়ে আনতে কমপক্ষে ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। 
 
মাহাত বলেন, এটি প্রাথমিক ধারণা। কী পরিমাণ অর্থ লাগাবে তা ক্ষতির পরিমাণ ও পুনঃনির্মাণ ব্যয় বিবেচনা না করে বলাও সম্ভব নয়।
 
এদিকে নেপালে প্রতিদিনই আসছে বিদেশি সহযোগিতা। তবে অভিযোগ উঠছে, দুর্গত অঞ্চলে সরকার সময়মত ত্রাণ পৌঁছাতে পারছে না।
 
নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অফিসের কর্মকর্তা পূর্ণ শংকর বলেন, কিছু দুর্গত অঞ্চলে গ্রামবাসীরা এতই ক্ষিপ্ত ও ক্ষুধার্ত যে তারা ওষুধ ও খাবার বহনকারী গাড়িতে পাথর ছুড়ে মেরেছে।
 
ভূমিকম্পের কেন্দ্রের কাছে, কাঠমান্ডুর পশ্চিমের গ্রাম সুন্দরখোলায় খাদ্য সংকট এতই যে, মানুষ ধ্বংসস্তূপের মধ্যেও খাবার খুঁজে বেড়াচ্ছে। সুপেয় পানির সংকটও দেখা দিয়েছে।
 
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লক্ষ্মী প্রসাদের মতে, ১৯৪৩ এর ভূমিকম্প অনেক শক্তিশালী ছিল। আর নেপালের লোকসংখ্যাও তখন অনেক কম ছিল। তিনি বলেন, নতুন করে সব কিছু আবার তৈরি করার ব্যয় হবে বিপুল।