মানুষ বর্জ্য ফেলে দেয় অহরহ। বর্জ্যের জন্য পরিবেশও নষ্ট হয়। কিন্তু সেই বর্জ্যই না কি কোটি কোটি টাকা খরচ করে কিনছে সুইডেন। প্রতিবছর আট লাখ টন বর্জ্য আমদানি করছে দেশটি।
অনেকের হয়তো মনে প্রশ্ন দেখা দিতে পারে হঠাত্ করে সুইডেন আবার বর্জ্য আমদানি করতে গেল কেন? সুইডেনের বাড়ি-ঘর থেকে যে পরিমাণ বর্জ্য উত্পন্ন হয় তার ৯৯ শতাংশই পুনর্ব্যবহার করা হচ্ছে। এজন্য সারা দেশে ৩২টি প্লান্ট গড়ে উঠেছে। সেখানে আবর্জনা থেকে তৈরি হচ্ছে বিদ্যুত্। প্রতিদিন এখানে যে পরিমাণ বিদ্যুত্ তৈরি হয় তা থেকে দৈনিক ২০ শতাংশ এলাকা আলোকিত হয়।
আড়াই লাখ বাড়িতে সেই বিদ্যুত্ পৌঁছে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশে উত্পাদিত বর্জ্য চাহিদা সামাল দিতে পারছে না। তাছাড়া জলাজমি ভরাট করতেও বর্জ্যের প্রয়োজন রয়েছে। তাই ব্রিটেন, ইতালি, আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে গাড়ি গাড়ি আবর্জনা নিয়ে যাচ্ছে সুইডেন। আর কোনো দেশ বর্জ্য এমন পুনর্ব্যবহার করতে পারেনি। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ৩৪ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার করতে পারে। -এই সময়।
