প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপানের একটি দ্বীপপুঞ্জে রবিবার ভোরে একটি ভূমিকম্পের পর ছোট সুনামি আঘাত করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর: এএফপির।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, টোকিও থেকে প্রায় ৪৫৬ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত একটা ৫০মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭।
এর আগে জাপানের আবহাওয়া সংস্থা বলেছিল ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ।
ভূমিকম্পটি অগভীর সমুদ্রতলে আঘাত হানে। ভূমিকম্পের পর সংস্থাটি টোকিওর দক্ষিণে অবস্থিত ইজু দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে এক মিটার উঁচু সুনামির সতর্কতা সংকেত জারি করে।
ইজু দ্বীপপুঞ্জের দ্বীপ হাচিজোজিমায় ৫০ সেন্টিমিটার উঁচু একটি ঢেউ আছড়ে পড়ে। ঐ এলাকার অন্যান্য বেশ কয়েকটি ছোট দ্বীপপুঞ্জেও ছোট ছোট ঢেউয়ের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর সংস্থাটি সতর্কতা সংকেতটি তুলে নেয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
