শ্রীলংকা সফরে এসে দেশটির সংখ্যালঘু তামিলদের ওপর রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
কেরি শ্রীলংকার শীর্ষ তামিল নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। কয়েক দশক ধরে স্বাধীনতাকামী তামিল যোদ্ধাদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধের পর দেশটিতে ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে চাপ প্রয়োগের জন্য তিনি এ সফরে আসেন।
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তার সরকারের সাথে আলোচনার একদিন পর কেরি জাতিগত সংখ্যালঘুদের প্রধান রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন কেরি।
তামিল স্বাধীনতাকামী সংগঠন-এলটিটিই যোদ্ধাদের সাথে সেনাবাহিনীর ৩৭ বছর ধরে চলা যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে ৪০ হাজারেরও বেশি বেসামরিক তামিল রয়েছেন।
শনিবার দেয়া বক্তব্যে কেরি যুদ্ধের শেষ পর্যায়ে হাজার হাজার তামিলের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের জন্য দীর্ঘ দিনের তামিলদের দাবির প্রতিধ্বনি করেন। উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে শ্রীলংকার ভয়াবহ সংঘাতের অবসান ঘটে। সূত্র: এএফপি
