নেপালে ভয়াবহ ভূমিকম্পের সাতদিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ১০১ বছরের এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
নওকোট জেলার পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং এএফপিকে জানিয়েছেন, ফ্যাঞ্চু তামাং নামের ঐ বৃদ্ধকে শনিবার তার বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানিয়েছেন, ফ্যাঞ্চু বাম পায়ের গোড়ালি ও হাতে সামান্য আঘাত পেয়েছেন।
এদিকে রবিবার সিন্ধুপালচক থেকে তিন নারীকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন ভূমি ধসের ফলে মাটির নিচে চাপা পড়েছিলেন ও অন্য দুইজন একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।
কাঠমান্ডুর আর্মড পুলিশের এক কর্মকর্তা সুরাজ খাদকা জানিয়েছেন, তাদের চিকিত্সার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
