রাজকন্যার নাম নিয়ে চলছে জুয়া

আপডেট : ০৪ মে ২০১৫, ১৭:৫৯
 
মাত্র দু'দিন হল ব্রিটিশ রাজপরিবারে নতুন এক কন্যা শিশুর জন্ম হল। প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির কন্যাশিশুটির নাম কি হবে, না হবে, তা নিয়ে তা নিয়ে যখন জোর জল্পনা কল্পনা চলছে তখন রাজকন্যার সম্ভাব্য নাম নিয়ে শুরু হয়েছে জুয়ার ব্যবসা। বেটিং কোম্পানিগুলোতে রাজকন্যার সম্ভাব্য নামের তালিকায় এগিয়ে রয়েছে, এলিস ও শার্লট। আর এর পরই রয়েছে ভিক্টোরিয়া, অলিভিয়া ও এলিজাবেথ।
 
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার এই নবাগত রাজকুমারীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। শিশুটি বর্তমানে কেনসিংটন প্রাসাদে বাবা-মায়ের সাথে আছে। সেখানে রাজপরিবারের সিনিয়র সদস্যরা তাকে দেখতে যাবেন। এরপরই হাইড পার্ক ও টাওয়ার ব্রিজ গান স্যালুটের মাধ্যমে রাজকন্যার জন্মকে অভিনন্দিত করা হবে।
 
ব্রিটেনের অনেকেই চাচ্ছেন রাজকন্যার নাম রাখা হোক তার দাদীর নামে। প্রিন্স উইলিয়ামের মা ডায়না ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান।
 
দু’দিন আগে জন্ম নেয়া শিশুটি ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী। প্রথম উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৬৬), দ্বিতীয় প্রিন্স উইলিয়াম ও তৃতীয় উত্তরাধিকারী নবজাত শিশুটির দু’বছর বয়সী ভাই জর্জ।
 
শনিবার মধ্য লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে ভর্তির তিন ঘণ্টা পর কেট শিশুটির জন্ম দেন। এ সময়ে পাশে ছিলেন উইলিয়াম। এর আগে একই হাসপাতালে ২০১৩ সালের জুলাইয়ে জন্ম হয় কেট দম্পতির প্রথম সন্তান জর্জের। সূত্র: এএফপি