গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর গত দুই দিনে নেপালের একটি গ্রাম থেকে বরফে চাপা পড়া ১০০টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার দূরে লাংটাং নামের ওই গ্রামটি ভূমিকম্পের ফলে তুষার ধসে চাপা পড়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এতদিন সেখানে পৌছাতে পারেনি উদ্ধারকারীরা।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চাপা পড়া গ্রামটি থেকে বরফ খুঁড়ে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মৃতদেহগুলো গ্রামটির বাসিন্দা ও পর্বতারোহীদের বলেও জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আরো মৃতদেহের খোঁজে তুষার খুঁড়ে তল্লাশি অব্যাহত রয়েছে।
তবে ভূমিকম্পের আগে গ্রামটিতে কতজন মানুষ বাস করতো সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি দেশটির কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে গ্রামটিতে এখনো অন্তত ১২০টি মৃতদেহ চাপা পড়ে রয়েছে।
পুরো গ্রামটি ছয় ফুট তুষারে নীচে চাপা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখানে পর্বতারোহীদের জন্য ৫৫টি অতিথিশালা ছিল। এই গ্রামের পর্বতারোহণের পথটি পশ্চিমা পর্বতারোহীদের প্রিয় ছিল।
