অস্ট্রেলিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬

আপডেট : ০৪ মে ২০১৫, ২০:১৭
 
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ জনে দাঁড়িয়েছে। ভারি বর্ষণে দেশটির পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
 
রবিবার পানির স্রোতের তোড়ে কয়েক হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বেশ কয়েকটি এলাকার বিপুল সংখ্যক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর এএফপি’র।
 
পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) দুই দিনের বৈরী আবহাওয়ার পর রবিবার আবহাওয়া শান্ত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী অ্যানাস্তাসিয়া পালাসজুক ব্রিসবেন থেকে একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে আমরা এই বিপুল পরিমাণ বৃষ্টিপাত আগে কখনও দেখিনি।’
 
পুলিশ জানিয়েছে, ঝড়ে উত্তাল সাগরে শনিবার ৬ বছর বয়সী এক বালক ভেসে গেছে। এই নিয়ে কুইন্সল্যান্ড রাজ্যটিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
 
পুলিশ জানায়, জেলেরা তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে সে মারা যায়।
 
এর আগে শুক্রবার ব্রিসবেন থেকে ৪৪ কিলোমিটার উত্তরে অবস্থিত ক্যাব্যুলটুরে আকস্মিক বন্যায় দুটি গাড়ি ভেসে গেলে ৫ বছরের এক শিশুসহ ৫ জন প্রাণ হারায়।
 
ওই এলাকার মেয়র অ্যালান সুটারল্যা এই বৃষ্টিপাতকে ‘২০০০ বছরের মধ্যে একটি বিশেষ ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। ক্যাবুলটুরে শুক্রবার মাত্র তিন ঘণ্টায় ২৭৭ মিলিমিটার (১০.৯ইঞ্চি) বৃষ্টি হয়। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ওই এলাকায় ৩৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।