ডালাসে কার্টুন প্রদর্শনীতে গুলি, নিহত ২

আপডেট : ০৫ মে ২০১৫, ১৩:৩৮

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আঁকা কার্টুন প্রদর্শনীর বাইরে গোলাগুলিতে দুই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্য। দেশটির টেক্সাস রাজ্যের ডালাসের কার্টিস কুলওয়েল সেন্টারে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএন’র।

 

প্রদর্শনীতে নেদারল্যান্ডের ইসলামবিরোধী রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্স অংশ নিতে এসেছিলেন। ঘোষণা করা হয়েছিল এই বিষয়ে শ্রেষ্ঠ ব্যঙ্গচিত্রীকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কর দেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সেন্টারের পাকিংয়ে ঢুকে গুলি চালাতে থাকে দুই বন্দুকধারী। তখন কয়েকজন প্রতিনিধি আলোচনাসভা থেকে বের হচ্ছিলেন। তারা গুলির আওয়াজ শুনতে পান। গুলির আওয়াজ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় পুলিশ। প্রতিনিধিদের সভাকক্ষে ঢুকিয়ে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেন্টার এবং তার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমে এক বন্দুকধারী নিহত হন। পরে দ্বিতীয় বন্দুকধারী নিহত হন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে এফবিআই গোয়েন্দারা। একজন এফবিআই কর্মকর্তা জানিয়েছেন, ফিনিস্ক শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এবিসি টিভিতে বলা হয়েছে, সন্দেহভাজন একজন হামলাকারীর নাম এল্টন সিম্পসন। অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে আগেও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তদন্ত হয়েছে। জানা গেছে, হামলার আগে সিম্মসন টুইটারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। নবীর কার্টুন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ সামপ্রতিক হামলা ও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।