ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা। ধারণা করা হচ্ছিল রাজকুমার তার প্রয়াত মায়ের নামের কন্যার নাম রাখতে পারেন। তবে ডায়ানা তার নামের শেষ অংশ হলেও রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেম্ব্রিজন হিসাবে। নানা জল্পনা-কল্পনার পর জন্মের দুই দিন পর রাজকুমারীর নাম ঘোষণা করা হয়। এদিকে রাজপরিবারে নতুন অতিথি আসার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। গত রবিবার এক বার্তায় তার এই অভিনন্দন জানান। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট। অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রাণীর নাম ছিল শার্লট। রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রাণী শার্লটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ওই প্রাসাদই এখন বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান। রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাত্ ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট।
