থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজকে মঙ্গলবার জনসম্মুখে দেখা গেছে। তিনি গত কয়েক মাস ব্যাংককের একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৮৭ বছর বয়সী রাজা একটি হুইলচেয়ারে করে ব্যাংককের সিরিরাজ হাসপাতাল ছেড়েছেন। তাকে নিয়ে সুরক্ষিত একটি গাড়িবহর গ্র্যান্ড প্যালেসের উদ্দেশে হাসপাতাল ছেড়ে যায়।
১৯৫০ সালে রাজা ভূমিবল সিংহাসনে বসেন। এরপর থেকে তার সিংহাসনে বসার দিনটিকে ‘রাজার অভিষেক দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি সরকারি ছুটির দিন। এদিন প্যালেস দেখতে যাওয়া যায়।
রাজা ভূমিবল আদুলিয়াদেজকে বেশ কিছুদিন ধরে জনসম্মুখে দেখা যাচ্ছিল না। তবে মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখা যাওয়ার পর অনেক থাই নাগরিকের মধ্যে স্বস্তি দেখা গেছে।
রাজা ভূমিবল নবম রামা নামে পরিচিত। গত অক্টোবরে তার গল ব্লাডার অপারেশন হয়। এরপর থেকে তিনি গত কয়েক মাস ধরে হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।
গত দুই মাসে তিনি দুই বার সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতাল ছাড়েন। এর মধ্যে মে মাসের শুরুতে তিনি পার্শ্ববর্তী একটি প্যালেসে যান এবং গত মাসে ব্যাংককের মধ্য দিয়ে প্রবাহিত চাও প্রায়া নদী দেখতে যান।
