ভূমধ্যসাগরে ফের অভিবাসীবাহী নৌকাডুবি, বহু হতাহত

আপডেট : ০৫ মে ২০১৫, ১৯:১০
 
ইটালির সিসিলি দ্বীপের দক্ষিণে ভূমধ্যসাগরে ফের অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। সেভ দ্য চিলড্রেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় প্রায় ৪০ জন অভিবাসী সমুদ্রে ডুবে মারা গেছেন। উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছেন, উদ্ধারকারী জাহাজ নৌকাটির দিকে অগ্রসর হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
 
সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র জিওভান্না ডি বেনেদেত্তো জানিয়েছেন, রবিবার ভূমধ্যসাগরে সর্বশেষ এই দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে কত জন মারা গেছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। উদ্ধারকৃতদের সিসিলির পূর্ব উপকূলের শহর ক্যাটানিয়াতে নিয়ে যাওয়া হয়েছে।
 
নৌকাটি থেকে উদ্ধারকৃতরা জানিয়েছেন, বাতাস দিয়ে ফুলানো নৌকাটিতে ১৩৭ জন অভিবাসী ছিলেন। তবে কী কারণে নৌকাটি চুপসে যায় তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।
 
উল্লেখ্য, ২০১৫ সালে এখন পর্যন্ত সাড়ে ১৭ শ' অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন যা গত বছরের তুলনায় ২০ গুণ বেশি।