যুক্তরাষ্ট্রের টেক্সাসে হযরত মুহম্মদ (সঃ)-এর কার্টুন আঁকা প্রতিযোগিতায় হামলার পেছনে ইসলামিক স্টেট(আইএস) ছিল বলে দাবি করেছে সংগঠনটি। তাদের দাবি, ডালাসের কনফারেন্স সেন্টারটিতে রবিবার তাদের দু'জন 'খেলাফতের সৈনিক' হামলা চালিয়েছিল। আইএস পরিচালিত আল-বয়ান রেডিওতে খবরের বুলেটিনে এই দাবি করা হয়।
প্রতিযোগিতাটিতে হামলাকারী দু'জন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়। আইএসের এই দাবিটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে কারণ, প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের মাটিতে চালানো কোন হামলার দায় স্বীকার করল সিরিয়া ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি।
রেডিওতে প্রচারিত ওই বুলেটিনে দাবি করা হয়, 'আমরা আমেরিকাকে জানিয়ে দিতে চাই আগামীতে এর চেয়েও বড় এবং ভয়ংকর কিছু করতে দেখা যাবে আইএস যোদ্ধাদের।'
আদালতের নথি থেকে দেখা যাচ্ছে, হামলায় অংশগ্রহণকারী এল্টন সিম্পসন ছিলেন একজন সন্দেহভাজন সন্ত্রাসবাদী। ২০০৬ সাল থেকে তার ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ২০১০ সালে তার বিরুদ্ধে এফবিআই এর কাছে মিথ্যা তথ্য দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এফবিআই এর নথি থেকে দেখা যাচ্ছে, ২০১০ সালে তিনি 'জিহাদ' করতে যুক্তরাষ্ট্র ছেড়ে সোমালিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে তাকে তিন বছরের নজরদারি ও ৬০০ ডলার জরিমানাও করা হয়েছিল। তবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কোন সংগঠনে তার জড়িত থাকা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল এফবিআই। সূত্র: বিবিসি
