একদিন বাদেই ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দ ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্ষমতাসীন রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশব্যাপী ৩৬ ঘন্টার একটি সফর শুরু করেছেন। সারা রাত ধরে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। প্রচারণায় ব্যস্ত লেবার নেতা এড মিলিব্যান্ডও। তবে এখন পর্যন্ত জনমত জরিপে দেখা যাচ্ছে নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। সে হিসেবে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো জোট সরকার গঠনে দীর্ঘ আলোচনার জন্যও প্রস্তুত রয়েছে। খবর:বিবিসি।
ব্রিটেনের এবারের নির্বাচনে প্রধান তিনটি দল থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন। এর মধ্যে লেবার পার্টি থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম) থেকে তিনজন ও কনজারভেটিভ পার্টি থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিটেনে এতো সংখ্যক বাংলাদেশির প্রতিদ্বন্দ্বিতার ঘটনা এবারই প্রথম। যে কারণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন উন্মাদনা কাজ করছে।
