কয়েক কোটি ইউরোর বেশ কয়েকটি চুক্তি শিগগিরই পাকা করতে চলেছে ফ্রান্স ও সৌদি আরব। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস এ কথা জানিয়েছেন।
ফ্যাবিউস বলেন, ‘দুই দেশ একটি যৌথ কমিটি গঠন করেছে। কমিটি ২০টির মতো প্রকল্প নিয়ে কাজ করছে। যদি এই প্রকল্পগুলো চূড়ান্ত হয় সে ক্ষেত্রে কোটি কোটি ইউরোর চুক্তি হবে।’
আগামী কয়েক মাসে প্রতিরক্ষা, পরিবহন ও জ্বালানিসহ ২০টির মতো প্রকল্প নিয়ে পাকা চুক্তি হতে পারে বলে জানান তিনি।
ফ্যাবিউস বলেন, ‘আমরা বুঝতে পেরেছি নতুন দলটি দ্রুত তাদের মতামত জানাতে আগ্রহী।’
প্রস্তাবিত প্রকল্পগুলো কোন কোন বিভাগের অধীনে, সে সম্পর্কে প্রশ্ন করা হলে ফ্যাবিউস বলেন, ‘প্রতিরক্ষা বিভাগ নিয়ে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিশেষ করে নৌ বিভাগকে অগ্রাধিকার দেয়া হয়েছে।’
সৌদি আরবের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে উপসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
প্রেসিডেন্ট হওয়ার পর ওলাঁদের এটি চতুর্থ সৌদি আরব সফর। গত তিন বছর ধরে ফ্রান্স উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং পুরস্কার হিসেবে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা পেয়েছে।
ফ্রান্স সোমবার কাতারের সঙ্গে সাত শ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে। এ অর্থ দিয়ে কাতার ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জেট কিনবে। গত বছর উপসাগর অঞ্চলে ১৫ শ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করেছে ফ্রান্স।
