ফ্রেঞ্চ আল্পস পর্বতে বিধ্বস্ত জার্মানউইংসের বিমানটির কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস বিমান বিধ্বস্ত করার অনুশীলন করেছিলেন। তার পরিচালিত আগের ফ্লাইটে তিনি অনেক উঁচু থেকে খুব দ্রুত বিমান নামিয়ে আনার অনুশীলন করেছিলেন বলে ফরাসী তদন্ত কর্মকর্তারা রিপোর্টে জানিয়েছেন। খবর- বিবিসির।
রিপোর্টে বলা হয়েছে, লুবিৎস তার আগের একটি ফ্লাইটে কয়েকবার নিয়ম বহির্ভূতভাবে বিমান নিচে নামিয়ে এনেছিলেন। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন এমন প্রমাণ পেয়েছেন জার্মানির তদন্তকারীরা।
সন্দেহ করা হয়, জার্মানউইংসের কো-পাইলট লুবিৎস ইচ্ছাকৃতভাবে এয়ারবাস-৩২০ বিমানটি ফ্রেঞ্চ আল্পসে নিয়ে আছড়ে পড়েন। এর ফলে বিমানে থাকা ১৫০ জনের সবাই প্রাণ হারান। বিমান নিয়ে আছড়ে পড়ার আগে তিনি পাইলটকে কৌশলে ককপিটের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা আটকে দিয়েছিলেন।
এবছর ২৪ মার্চ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল।
