পশ্চিমবঙ্গে কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আপডেট : ০৭ মে ২০১৫, ১২:০৫
 
পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবৈধ আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। তবে গ্রামবাসীদের দাবি নিহতের সংখ্যা ১৫। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে।
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রাতে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঐ কারখানা পুরো ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণে পার্শ্ববর্তী বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
গ্রামবাসীদের একাংশের দাবি, আতশবাজি কারখানার মালিকের নাম রঞ্জন মাইতি। এই কারখানায় আতশবাজির সাথে সাথে অবৈধভাবে বোমা বানানো হতো। বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের পরপরই কারখানার মালিক রঞ্জন পালিয়ে যান। তবে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখান থেকে বোমা তৈরি করে তা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হতো। রঞ্জন মাইতির কাছ থেকে রাম মাইতি এই বাড়ি নিয়ে বেআইনি কারখানা চালাত। এই বিস্ফোরণে রাম মাইতি ও তার স্ত্রীরও মৃত্যু হয়েছে।
 
পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই বিষয়ে তদন্ত করছে।