যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাত

আপডেট : ০৭ মে ২০১৫, ১৫:৫৬
 
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে বেশ কয়েকটি টর্নেডো আঘাত করেছে। ঝড়ের আঘাতে সেখানে বাড়ি-ঘর ধ্বংস হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে। এছাড়াও ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে। খবর: এএফপির।
 
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় তাত্ক্ষণিকভাবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
 
ওয়েদার চ্যানেল জানিয়েছে, কানসাস, নেবরাসাকা, টেক্সাস ও ওকলাহামা রাজ্যে অন্তত ২৯টি টর্নেডো আঘাত হেনেছে। এতে ওকলাহামার বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে।
 
জাতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, ঝড় সনাক্তকরণ গ্রুপ ও জরুরি ব্যবস্থাপনা কর্মীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।
 
কোসো টেলিভিশন জানিয়েছে, মুরে ও ওকলাহোমায় বন্যা হয়েছে বলে জানা গেছে।
 
নরম্যান নগরীতে ঝড়ের আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আই-৩৫ মহাসড়কও বন্ধ হয়ে গেছে বলে খবর জানানো হয়েছে।