সমুদ্রপথে মানব পাচার বাড়ায় উদ্বিগ্ন জাতিসংঘ

আপডেট : ০৯ মে ২০১৫, ১৬:৫১
বাংলাদেশ ও মিয়ানমার থেকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ মানব পাচার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। থাইল্যান্ডের জঙ্গলে একের পর এক অবৈধ অভিবাসীদের গণকবর পাওয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্বেগ জানায় জাতিসংঘ।  
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র একটি প্রতিবেদনে মানব পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরার পর জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বঙ্গোপসাগর দিয়ে ঝুঁকিপূর্ণ মানবপাচারের ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ ঘটেছে। থাইল্যান্ডের সংখ্যলা প্রদেশে গত সপ্তাহে গণকবর থেকে উদ্ধার করা হয় ২৬টি মৃতদেহ। IMG0
 
শুক্রবার রয়টার্স একই প্রদেশের একটি পার্বত্য এলাকায় জীবিত অবস্থায় শতাধিক অভিবাসীর সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে তারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক।
 
থাই জঙ্গলের ওই শিবিরগুলো এবং পাদাং বেসারের চারপাশের কৃষি এলাকাগুলো মানবপাচারের আখড়া বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএনএইচসিআর।
 
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর এর মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।