সন্ত্রাসি হুমকি: মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার

আপডেট : ০৯ মে ২০১৫, ১৭:৫৪
 
 
মার্কিন সামরিক বাহিনী দেশব্যাপী বিভিন্ন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করেছে। ইসলামি জঙ্গিগোষ্ঠী সামরিক বা পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাতে পারে এফবিআই’র এমন শংঙ্কা প্রকাশের পর পূর্ব সতর্কতার অংশ হিসেবে তারা এ নিরাপত্তা জোরদার করে। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।
 
প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুুক্তরাষ্ট্র উত্তরাঞ্চলীয় কমান্ড প্রধান অ্যাডমিরাল উইলিয়াম গর্টনি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। 
 
ওই কর্মকর্তা বলেন, আমরা বিভিন্ন সামরিক ঘাঁটি ও আমাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। 
 
ডালাস উপকণ্ঠে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে রোববারের কার্টুন প্রদর্শনীতে দু’ব্যক্তির হামলার প্রচেষ্টার পর এ পদক্ষেপ নেয়া হয়। সশস্ত্র ওই দু’ব্যক্তি প্রদর্শনী কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা তাদেরকে গুলি করে হত্যা করে। 
 
পেন্টাগন প্রধান এশটন কার্টার বৃহস্পতিবার বলেন, হামলা চালাতে ব্যর্থ হওয়া এ দুজন ইসলামিক স্টেট গ্রুপ দ্বারা অনুপ্রাণিত ছিল। 
 
এফবিআই পরিচালক জেমস কামি বলেন, সামরিক ও পুলিশ বাহিনীর ওপর হামলা চালাতে আইএস উৎসাহিত করছে এমন খবরে কর্তৃপক্ষ উদ্বিগ্ন।