ত্রুটির কারণে আবারো রাজ্যসভায় উঠছে স্থল সীমান্ত চুক্তি বিল

আপডেট : ১০ মে ২০১৫, ১০:৩০
 
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিলে কিছু ভুল থাকায় তা প্রয়োজনীয় সংশোধনের জন্য আবারো রাজ্যসভায় ফেরত পাঠানো হয়েছে। বিলের খসড়া তৈরিতে তাড়াহুড়ো করার জন্য এমন ভুলগুলো হয়েছে। যে কারণে বিলটি পাশের জন্য রাজ্যসভায় আবারো উত্থাপন করতে হবে। আগামী সোমবার রাজ্যসভায় বিলটির সংশোধনী উত্থাপন করা হতে পারে।
 
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এই ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ভাইস প্রেসিডেন্ট ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। বিলটিতে যেসব ছোটখাটো ভুল রয়েছে— আইনগতভাবে সেগুলো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত চুক্তি সংক্রান্ত যে সংবিধান সংশোধনীটি সংসদে পাশ হয়েছে সেটি চিহ্নিত হয়েছে ১০০তম সংবিধান সংশোধনী, ২০১৫ হিসেবে। আবার ভেতরে সিডিউলে নানা জায়গায় তা উল্লেখ করা হয়েছে ১১৯তম সংশোধনী ২০১৩ হিসেবে। কিন্তু বিলটি পাশ হওয়ার পর তা ১০০তম সংবিধান সংশোধনীতেই পরিণত হয়েছে।
 
মোট ৭টি ক্ষেত্রে এই ধরনের অসঙ্গতি রয়েছে। গত ৭ মে লোকসভায় বিল নিয়ে আলোচনার পরে প্রথম ভুলগুলো ধরা পড়ে। এরপর বিলটি পাশ করার সঙ্গে সঙ্গে বিলের ভুলগুলো সংশোধন করা হয়। গত ৬ মে  রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার সময় ভুলগুলো এমপিরা খেয়াল করেননি। লোকসভায় ভুলগুলো সংশোধন করার সুযোগ পাওয়া গেলেও রাজ্যসভায় সেই সুযোগ ছিল না। তাই আবারো বিলটি উত্থাপন করা হবে।