পাকিস্তানে দুই উপজাতীয় গোষ্ঠীর লড়াইয়ে নিহত ৪৭

আপডেট : ১০ মে ২০১৫, ১৬:০৪
পাকিস্তানের গোলযোগপূর্ণ পার্বত্যাঞ্চলে শনিবার দু'টি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। আফগান সীমান্তবর্তী একটি বিরোধপূর্ণ পার্বত্য এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধ ঘটে। 
 
নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে এএফপি জানায়, উত্তর ওয়াজিরিস্তানের একটি পর্বতের নিয়ন্ত্রণ নিয়ে শুক্রবার থেকে মাদা খেল ও পাইপালি কাবুল খেল গোত্রের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। দুই পক্ষই পর্বতটির মালিকানা দাবি করছে।
 
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, দাতা খেল এলাকার লাওয়ারা মান্দি গ্রামে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৪৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, পর্বতটির দখলকে কেন্দ্র করে লড়াইটি এখনো চলছে।
 
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সহিংসতার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজাতীয় গোষ্ঠী দু'টি ওই অঞ্চলের পৃথক জঙ্গি সংগঠনকে সমর্থন করে।