ফিলিপাইনের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন 'নোল'। ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস ও জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নোল-এর পূর্বাভাসের দেয়ার সাথে সাথে দেশটির উপকূলীয় এলাকার প্রায় দুই হাজার লোক ঘরবাড়ি ছেড়ে গেছেন।
সরকারের আবহাওয়া পর্যবেক্ষণকারী বিভাগের প্রধান এসপোরাঞ্জা কায়ানান বলেন, ধীরে অগ্রসর হলেও ঝড়টি শক্তিশালী হয়ে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বইছে।
আশঙ্কা করা হচ্ছে রবিবার বিকেল বা সন্ধ্যা নাগাদ ঝড়টি ফিলিপাইনের লুজন দ্বীপের উত্তর উপকূল অতিক্রম করতে পারে।
সমুদ্রে শক্তিশালী বাতাস ও উঁচু ঢেউয়ের ব্যাপারে নাবিক ও জেলেদের সতর্ক করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। সূত্র: এএফপি
