ব্রিটেনে নতুন সরকার গঠিত হতে পারে আগামী সপ্তাহে

আপডেট : ১১ মে ২০১৫, ০৩:৫০

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় কারা থাকবেন সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে নতুন মন্ত্রিসভা এবং ১৮ মে নতুন পার্লামেন্টের অধিবেশন বসতে পারে বলে জানা গেছে। এদিকে গতকাল লন্ডনে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ক্যামরনবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।  খবর বিবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ডের।

 

গত ৭ মে’র নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ক্যামেরনের কনজারভেটিভ দল অর্জন করে ৩৩১ আসন। আর বিরোধী লেবার দল পায় ২৩২ আসন। ১৯৯২ সালের পর এই প্রথম কনজারভেটিভ দল নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন মাইকেল গোভ এবং ক্রিস গেইলিংকে পার্লামেন্টের হাউস অব কমন্স সভার নেতা করা হতে পারে। সাবেক অভিবাসন মন্ত্রী মার্ক হার্পারকে চীফ হুইপ করা হতে পারে। ক্যামেরন চ্যান্সেলর জর্জ অসবোর্নকে ইতোমধ্যে ফার্স্ট সেক্রেটরি অব স্টেট হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী থেরেসা মে, পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালনকে নিজ নিজ পদেই রেখে দেওয়া হচ্ছে। ব্রিটেনের নতুন পার্লামেন্টের অধিবেশনে রেকর্ড সংখ্যক নৃতাত্ত্বিক এবং নারী প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের নির্বাচনে ১৯১ জন নারী (গত পার্লামেন্টে ছিল ১৪৩ জন) এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে ৪২ জন (আগে ছিল ২৭ জন) এমপি নির্বাচিত হয়েছেন।