পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

আপডেট : ১১ মে ২০১৫, ১৭:৪৩
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার বারকামার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সরকার সমর্থক এক উপজাতীয় প্রবীণ ব্যক্তি রয়েছেন।
 
এএফপি’র বরাত দিয়ে বাসস’র খবরে বলা হয়েছে, বারকামার গ্রামটি উপজাতীয় এলাকা বাজাউরের একটি অংশ। ওই অঞ্চলে সেনাবাহিনী তালেবান ও আল-কায়েদা সংশ্লিষ্ট অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
 
জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা ফাইয়াজ-উল-হক শেরপাও এএফপিকে বলেন, ‘রাস্তার পাশে পেতে রাখা একটি বিস্ফোরকের ওপর দিয়ে স্থানীয় সরকার সমর্থক উপজাতীয় প্রবীণ ব্যক্তি মালিক মুহাম্মদ জানের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণে তিনি ও অপর পাঁচজন নিহত হন।’
 
তিনি আরো বলেন, মালিক মুহাম্মদ জান স্থানীয় শান্তি কমিটির শীর্ষস্থানীয় সদস্য। পাকিস্তানে এই কমিটিগুলো স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় জঙ্গিদের প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
 
স্থানীয় অপর কর্মকর্তা শাহ্ নাজির এ ঘটনার সত্যতা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
 
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা দল এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা এলাকায় সরকারপন্থী উপজাতীয় নেতাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।