সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ১১ মে ২০১৫, ২০:৪২
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মর্টার সেল নিক্ষেপে গত মঙ্গলবার ও বুধবার সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের নজরান এলাকায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
 
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
 
নজরান এলাকা জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার ও ইয়েমেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
 
নিহতরা হচ্ছেন, যথাক্রমে কুমিল্লার বরুরা উপজেলার বাতেশার গ্রামের মফিজের পুত্র মিজান ও বরগুনা জেলার পাথরঘাট উপজেলায় লেমুয়া গ্রামের আব্দুল আজীজের পুত্র আব্দুল জলিল।
 
সংবাদ বিজ্ঞপ্তিত বলা হয়, মঙ্গলবার একটি কারখানায় কাজ করার সময় মর্টার সেলের আঘাতে মিজান নিহত হন।
 
গত বুধবার নজরানে কর্মস্থলে মর্টার সেলের আঘাতে প্রাণ হারান আব্দুল জলিল।
 
এ ঘটনার পরপরই নিহতদের কর্মস্থলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিরা ছুটে যান এবং তাদের চাকরিদাতা প্রতিষ্ঠান ও বাংলাদেশে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহতদের ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি লাশ ফেরৎ পাঠানো এবং তাদের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী দাফনের বিষয়ে নিহতদের চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
 
নজরানে কিং খালেদ হাসপাতালের হিমঘরে নিহতদের লাশ রাখা হয়েছে।