লাদেনকে কবর দেয়া হয়েছে

আপডেট : ১২ মে ২০১৫, ০১:৩৯

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনবিরোধী অভিযান নিয়ে মার্কিন প্রশাসন সঠিক তথ্য দেয়নি বলে জানিয়েছেন পুলিত্জার পুরস্কার জয়ী বিখ্যাত মার্কিন সাংবাদিক ও লেখক সিমুর এম হার্শ। লন্ডন বুক রিভিউতে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানিয়েছেন তিনি। খবর এনডিটিভি’র।

 
হার্শ তার নিবন্ধে জানিয়েছেন, বিন লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয়নি, বরং তাকে আফগানিস্তানে কবর দেয়া হয়েছে। আমেরিকা ও পাকিস্তানের সাবেক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন হার্শ। তিনি বলেন, লাদেনের অ্যাবোটাবাদে থাকার কথা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (আইএসআই) জানতো। এই সংস্থাটির সাবেক এক কর্মকর্তা ২৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের বিনিময়ে লাদেনের খবর মার্কিন গোয়েন্দা সংস্থা  সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সিকে (সিআইএ) জানান। তথ্য দেয়া ওই গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটনে সিআইএ’র পরামর্শক হিসেবে কাজ করছেন। অ্যাবোটাবাদে মার্কিন অভিযান সম্পর্কে পাকিস্তান জানেনা বলেও যে তথ্য প্রচার করা হয় তাও সত্য নয় বলে নিবন্ধে জানান হার্শ।