নেপালে ত্রাণবাহী মার্কিন হেলিকপ্টার নিখোঁজ

আপডেট : ১৩ মে ২০১৫, ১২:১৬
 
নেপালে ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় ত্রাণবাহী একটি মার্কিন হেলিকপ্টার মঙ্গলবার নিখোঁজ হয়েছে। হেলিপ্টারটিতে ছয়জন নৌবাহিনীর সদস্য ও দুইজন নেপালি ছিলেন। খবর: সিএনএন’র।
 
পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কাঠমান্ডু থেকে ৪৫ কিলোমিটার পূর্বে চারিকোটের কাছ থেকে ইউএইচ-১ হুইয়ে হেলিকপ্টারটি নিখোঁজ হয় বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা।
 
ওয়ারেন জানিয়েছেন, রেডিও সম্প্রচার নির্দেশ করছে যে, নিখোঁজ হওয়ার আগে হেলিকপ্টারটির ক্রু’রা জ্তালানির সমস্যায় পড়েছিলেন। তবে এটি যে বিধ্বস্ত হয়নি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
 
দোলাখা জেলার উর্ধ্বতন কর্মকর্তা প্রেম লাল লামিচান বলেছেন, নেপালের সেনাবাহিনী ও পুলিশ পায়ে হেঁটে নিখোঁজ হেলিকপ্টার খোঁজে তল্লাশি চালিয়েছে।
 
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, একই স্কোয়াড্রনের দুইটি মার্কিন হেলিকপ্টার বুধবার সকালে আকাশপথে নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
নেপালে ত্রাণ কার্যক্রমে সহায়তায় তিনশ জনের মতো মার্কিন কর্মকর্তারা সেখানে রয়েছেন।