যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৫

আপডেট : ১৩ মে ২০১৫, ১৩:১৬
 
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহুসংখ্যক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন-নিউইয়র্ক আমট্রাকে যাত্রা করা ট্রেনটির ১০টির মতো বগি লাইনচ্যুত হয়।
 
জরুরি কর্মকর্তারা ও দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। ধ্বংসাবশেষের ভেতরে কোনো যাত্রী আটকা পড়ে আছেন কিনা তারা তা খুঁজে দেখছেন।
 
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন ১৮৮-তে ২৪০ জনেরও বেশি মানুষ ছিল। ট্রেনটি কি কারণে লাইনচ্যুত হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
 
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা একটি তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।